ভারতীয় গণনাট্য সংঘের ‘প্রতীক’ (The Logo of IPTA)
আমরা যারা নাটক নিয়ে চর্চা করি তারা সকলেই কমবেশি গণনাট্যের সাথে পরিচিত। কেউ হয়তো সেই আদর্শ নিয়ে নাট্যচর্চায় রত আবার কেউ হয়তো ইতিহাস হিসেবেই গণনাট্য আন্দোলনকে দেখে থাকেন। যদিও ইতিহাস নিয়ে এখানে আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। এই করোনা সংকটকালে নিজের পড়াশোনা নিয়েই একটু ব্যস্ততায় কাটছে। তারই এক ফাঁকে হঠাৎ অভীক দা’র (অভীক ভট্টাচার্য, সম্পাদক, ভাবনা থিয়েটার) কল্যাণে হাতে এলো প্রগতি চেতনা প্রগতির পথিকেরা নাম্নী একটি বই। এখনো পুরোটা পড়ে উঠতে পারিনি। শুধু রীণা ভাদুরী রচিত প্রথম প্রবন্ধটা পড়া হয়েছে। বেশ শক্ত এবং গুরুত্বপূর্ণ প্রবন্ধ ‘প্রগতি লেখক সংঘ’ এবং ‘ভারতীয় গণনাট্য সংঘ’ নিয়ে। পরবর্তীতে কোথাও সেটা নিয়ে আলোচনা করা যাবে অবশ্যই। আমাদের আলোচনার বিষয় হলো গণনাট্যের যে লোগোটা আমরা দেখে থাকি বা যেটা দেখলেই আমরা বুঝে যাই এটা গণনাট্যের লোগো – সেই নিয়ে। মানে হলো, সেই লোগোটি কীভাবে তৈরী হয়েছে। যখন জেনেছি তখন আমার কাছে খুবই মজাদার একটা ঘটনা বলেই মনে হয়েছে। হয়তো অনেকেই জানেন। তারপরেও আমার ক্ষুদ্র আনন্দটুকু সকলের সাথে একটু ভাগ করে নিলাম। ...